উত্তাল স্লোগানে তারেক রহমানকে সৈয়দপুরে বরণ

Mar 16, 2026 - 15:31
 0
উত্তাল স্লোগানে তারেক রহমানকে সৈয়দপুরে বরণ

মিজানুর রহমান মিলন, নীলফামারী জেলা প্রতিনিধি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় দেশ ও জনগনের উন্নয়নে নেওয়া বিভিন্ন কর্মসূচির মধ্যে  জনপ্রিয় কর্মসূচি ছিল খাল খনন। সে সময় সারাদেশে এ কর্মসূচি বাস্তবায়ন করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েই তাঁর দেখানো পথেই হাটছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এরই অংশ হিসেবে ঢাকার বাইরে দিনাজপুরের কাহারোলে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন। 

এ কর্মসূচীর উদ্বোধন করতে নীলফামারীর সৈয়দপুরে এলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার বাইরে প্রথম সরকারি সফরকে ঘিরে সৈয়দপুর বিমানবন্দর থেকে শুরু করে শহর হয়ে রাবেয়া ফ্লাওয়ার মিল মোড় পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার জুড়ে সকাল থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।

সোমবার (১৬ মার্চ) সকাল ১০টা ৫ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। সেখানে কোন সময় না নিয়েই  প্রধানমন্ত্রী তাঁর সফরসঙ্গীদের নিয়ে লাল-সবুজের বুলেট প্রুফ বাসযোগে দিনাজপুরের উদ্দেশ্যে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করেন। এ সময় বিমানবন্দরের বাইরে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ মুহুর্মুহু স্লোগানে বিপুলভাবে সংবর্ধনা জানানো হয়।

এদিকে প্রধানমন্ত্রীর গাড়ি সৈয়দপুর শহরের ভিতর দিয়ে যাওয়ার সময় সৈয়দপুর বিমানবন্দর থেকে শহরের শেষ প্রান্ত রাবেয়া মোড় পর্যন্ত ৫ কিলোমিটার সড়কের দুই পাশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক, বিভিন্ন পেশাজীবি সামাজিক সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ীসহ  হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থেকে তাঁকে স্বাগত ও শুভেচ্ছা জানান। অনেক স্থানে তাঁর গাড়িবহরে ফুলের পাপড়ি ছিটিয়ে ভালোবাসার বর্হিপ্রকাশ ঘটায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি বাংলাদেশের জনপ্রিয় প্রিয় নেতাকে একনজর স্বচক্ষে দেখতে উৎসুক নারী-পুরুষের উপস্থিত ছিল চোখে পড়ার মত। এ সময় বিএনপি ও অঙ্গ দলের নেতাকর্মী সমর্থক, স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী সংগঠনসহ সাধারণ মানুষের হাতে হাতে ছিলো স্বাগত শুভেচ্ছা ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহন করা গাড়ী ধীরগতিতে শহর অতিক্রমকালে তিনি গাড়ি থেকে জনতার উদ্দেশ্যে হাত নেড়ে সালাম জানান।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে শহরের ক্যান্টননেন্ট রোডে দাড়িয়েছিলেন রিক্সাচালক বাপ্পি, গৃহিনী বেলি, হোটেল শ্রমিক সুজনসহ অনেকে। তারা প্রধানমন্ত্রীকে লাল-সবুজের গাড়িতে দেখতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। এসময় তারা প্রধানমন্ত্রীকে হাত উচিয়ে সালাম জানান। তারা বলেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সামনাসামনি কখনও দেখিনি। দেখলাম তার সুযোগ্য পুত্র তারেক রহমানকে। তারা বলেন, তিনি হলেন শহীদ জিয়ার প্রতিচ্ছবি।  আমরা দোয়া করি তিনি যেন দেশ ও জনগনের সেবায় কাজ করে যেতে পারেন। তাঁর নেতৃত্বেই দেশ হবে উন্নয়ন ও অগ্রগতির। 

প্রধানমন্ত্রীর নির্ধারিত সফরসূচি অনুযায়ী, দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় সাহেবপাড়া খাল খনন উদ্বোধনের মাধ্যমে দেশব্যাপী ৫৩টি স্থানেও এই কর্মসূচির সূচনা করেন তিনি। সেখানে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করেন প্রধানমন্ত্রী।

তাঁর অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল , বিকেল ৩টা ৩০ মিনিটে দিনাজপুর উপশহর এলাকার ফরিদপুর কবরস্থানে নানা-নানি, খালা ও নিকটাত্মীয়দের কবর জিয়ারত, বিকেল ৫টায় শহরের গোর-এ-শহিদ বড় ময়দানে দিনাজপুরের সুধী সমাবেশ, ইফতার ও দোয়া মাহফিল। 

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সৈয়দপুর বিমানবন্দর ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। 

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow