শিশুশ্রম মুক্ত দেবহাটা গড়তে অবহিতকরণ সভা 

Mar 30, 2026 - 18:44
 0
শিশুশ্রম মুক্ত দেবহাটা গড়তে অবহিতকরণ সভা 

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত করার লক্ষ্যে এক ব্যাপক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে দেবহাটা এরিয়া প্রোগ্রামের উদ্যোগে এ সভা আয়োজন করা হয়। সভাটি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এবং স্থানীয় উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।

এছাড়াও উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন দেবহাটা থানার এসআই বিপ্লব মালাকর, উপজেলা শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী, সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, সমবায় কর্মকর্তা মনোজিত মন্ডল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাতেমা খাতুন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধি পল্টন বিশ্বাস, বেসরকারি সংস্থা সার্স-এর উপজেলা ম্যানেজার আলমগীর হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও কমিউনিটির নেতৃবৃন্দ।

সভায় বক্তারা শিশুশ্রমের বর্তমান প্রেক্ষাপট, এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব এবং এর প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, শিশুশ্রম শুধু একটি সামাজিক সমস্যা নয়, এটি শিশুদের মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল। একটি শিশুর শৈশব, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে শিশুশ্রম সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে।

বক্তারা আরও বলেন, দারিদ্র্য, সচেতনতার অভাব এবং পারিবারিক চাপের কারণে অনেক শিশু শিক্ষা থেকে ঝরে পড়ে এবং বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত হয়। তাই শিশুশ্রম বন্ধে সরকার, স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও এবং কমিউনিটির সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধান অতিথি মিলন সাহা তাঁর বক্তব্যে বলেন, “দেবহাটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। প্রশাসন এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।”

সভা শেষে অংশগ্রহণকারীরা শিশুশ্রম নির্মূলে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং দেবহাটাকে একটি শিশুবান্ধব ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow