নওয়াপাড়া ইউনিয়নকে শিশুশ্রমমুক্ত ও শিক্ষা থেকে বঞ্চিতমুক্ত ইউনিয়ন ঘোষণা

Jul 30, 2026 - 19:17
 0
নওয়াপাড়া ইউনিয়নকে শিশুশ্রমমুক্ত ও শিক্ষা থেকে বঞ্চিতমুক্ত ইউনিয়ন ঘোষণা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নকে শিশুশ্রমমুক্ত ও শিক্ষা থেকে বঞ্চিতমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধের সফলতা উদযাপনও করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলার হাদীপুর নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং দেবহাটা এরিয়া ডেভেলপমেন্ট প্রগ্রামের ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলনের সহযোগিতায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনায়েম হোসেন। এতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, আহছানীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্বপন ঘোষ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, চাইল্ড লেবার (সিএল) কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদ, সিবিও কমিটির সভাপতি রবিউল ইসলাম, সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা থেকে পাঠ করা হয়। এরপর স্বাগত বক্তব্যে শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং সকল শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়।

সিডিও মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডিও আসাদুজ্জামান রিপন, নিলাদ্রী বিশ্বাস, জোৎস্না বালা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং অন্যান্য প্রতিনিধিবৃন্দ।

বক্তারা বলেন, শিশুশ্রম ও বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, জনপ্রতিনিধি এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি প্রতিটি শিশুর বিদ্যালয়ে ভর্তি এবং নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের শেষপর্যায়ে নওয়াপাড়া ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে "শিশুশ্রমমুক্ত ও শিক্ষা থেকে বঞ্চিতমুক্ত ইউনিয়ন" ঘোষণা করা হয় এবং এ উপলক্ষে স্মারক ফলক উন্মোচন করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে ইউনিয়নে শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং প্রতিটি শিশুর শিক্ষা নিশ্চিত করতে স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত অংশগ্রহণ আরও জোরদার হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow