সৈয়দপুরে আ'লীগ নেতার বিরুদ্ধে জাল দলিলে জমি দখলের অভিযোগ
নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে সাবেক পৌর কাউন্সিলর ও এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জাল দলিলে জমি দখল ও বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত এ নেতার নাম সরকার কবির উদ্দিন ইউনুস। এমনকি এই নেতার ক্ষমতার দাপটে দীর্ঘ ২০ বছর ধরে একের পর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। অথচ থানায় তার নামে নাশকতা মামলা হলেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং এখনও ওই পরিবারকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে শহরের বাঁশবাড়ী শহীদ মাহাতাব বেগ রোডের বাসিন্দা মো. শাহাব উদ্দিন সংবাদ সম্মেলনে লিখিতভাবে ওই অভিযোগ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন তার স্ত্রী সালমা খাতুন, বড় বোন মাজেদা খাতুন, সাহেরা খাতুন ও বড় ভাই জামিল হোসেন।
নিজ বাড়িতে ডাকা সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে ভুক্তভোগী শাহাব উদ্দিন বলেন, আমাদের পূর্ব পুরুষ সূত্রে ১৪ শতক জমিসহ বাড়ির মালিকানা লাভ করি। যার খাজনা খারিজ হালনাগাদ রয়েছে। এ অবস্থায় ১৯৯৬ সালে আমাদের এসএ ৪৪৩০ দাগের পূর্ব দিকে কবরস্থানের পাশে আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলার সরকার কবির উদ্দিন ইউনুস ৫ শতক জমি কিনেন। ২০০৪ সালে পৌর কাউন্সিলর থাকার সুবাদে তিনি ভূমি অফিসের লোকজনের সাথে যোগসাজশ করে আমার পরিবারের সোগরা বিবির শূন্য দশমিক ৮৭ শতক এবং আমার বাবার নামের ৪৬১৯ নং কবলার ৪৪৩০ দাগের ৩ শতক জমি পাশের ৪৪২১ দাগের একটি জাল দলিল সৃষ্টি করে নিজ নামে রেকর্ড করে নেন। সে সময় আমার রড় ভাই ২০০৪ সালে ভূমি অফিসে রেকর্ডের বিরুদ্ধে আপত্তি জানালেও কোন প্রতিকার পাননি। পরে ২০২০ সালে গেজেট হওয়ার পর আমি বিষয়টি জানতে পারি। তখন রেকর্ড সংশোধনের জন্য ল্যান্ড সার্ভে ট্রাইবুনালে ৮৮২/২০ মামলা দায়ের করি।
এতে ক্ষিপ্ত হয়ে ইউনুস কবির রাজনৈতিক ক্ষমতার জোর দেখিয়ে আমাদের ৩.৮৭ শতক জমি দখল করেন এবং অবৈধভাবে নকশা পাস করিয়ে নিয়ে বাড়ি নির্মাণ শুরু করেন। এতে বাধা দেওয়ায় তিনি তার স্ত্রী লতিফা, ছেলে সানি, মেয়ে ইতি ও জামাই জনি অতর্কিত হামলা করে আমাদেরকে মারপিট করে আহত করেন। পরে তিনি ক্ষমতার দাপট দেখিয়ে উল্টো আমার ও স্ত্রীর নামে ১৪৪/১৪৫ ধারায় ১২০/২০ মামলা করেন। ওই সময় পৌরসভায় অভিযোগ করলে সত্য প্রমাণিত হওয়ায় তার নকশা বাতিল করা হয় এবং নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেয়া হয়। কিন্তু তারপরও কাজ করতে থাকলে প্রথমে সৈয়দপুর থানায় এবং পরে আদালতে নিষেধাজ্ঞা দিলেও তিনি তাও অগ্রাহ্য করেই বাড়ি নির্মাণ সম্পন্ন করেন। এ নিয়ে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। এর প্রেক্ষিতে ইউনুস কবির আমাদের বিরুদ্ধে মানহানীর মামলা দিয়ে হয়রানি করছেন।
সংবাদ সম্মেলন আরো বলা হয়, গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর নাশকতা মামলার আসামি ইউনুস সরকার। তবুও তিনি প্রকাশ্যে আগের মতই দাপট দেখিয়ে যাচ্ছেন। কিন্তু প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জমি জবর দখলের প্রতিকারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা সহ ন্যায় বিচার দাবী করেন।
What's Your Reaction?