জেনেভায় জাতিসংঘের আন্তর্জাতিক যুব সম্মেলনে সৈয়দপুরের আদনান
নীলফামামারী জেলা প্রতিনিধি : দেশের সীমানা পেরিয়ে এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন নীলফামারী জেলার সৈয়দপুরের কৃতি সন্তান উদ্যোক্তা ও সমাজসেবক মো. আদনান হোসেন।
জাতিসংঘের আমন্ত্রণে সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে সম্প্রতি অনুষ্ঠিত আন্তর্জাতিক যুব সম্মেলনে বক্তা হিসেবে অংশ নেন তিনি।
সৈয়দপুরের ‘ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের (আইএইচএফ) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আদনান হোসেন জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান ইউনাইটেড নেশনস ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড রিসার্চের (ইউএনআইটিএআর) আয়োজনে গত ১২ থেকে ১৪ আগস্ট ৩১তম এএফএস যুব সম্মেলনে অংশ নেন।
ওই সম্মেলনে তাঁর বক্তব্যে উঠে আসে নারী ও শিশুর অধিকার, যুব নেতৃত্ব, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ বিষয়গুলো।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ নেতা ও প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সম্মেলনে তিনি ‘অধিকারহীনতায় ভবিষ্যৎ নেই : নারী ও শিশুদের উন্নয়নের অধিকার পুনরুদ্ধার’শীর্ষক গুরুত্বপূর্ণ অধিবেশনে বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
অধিবেশনে আদনান হোসেন সংঘাতপ্রবণ সমাজে নারী ও শিশুর অধিকার, মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি যুব নেতৃত্বকে শক্তিশালী করা, সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে উন্নয়ন এগিয়ে নেওয়া এবং কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, উন্নয়নের মূলধারায় প্রান্তিক জনগোষ্ঠী, নারী ও শিশুদের আরও বেশি সম্পৃক্ত করতে হবে। বিশেষ করে সংঘাত ও সংকটময় পরিস্থিতিতে তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি। যুব সম্মেলন শেষে লন্ডনে যান তিনি। সেখানে সপ্তাহব্যাপী অবস্থানকালে মানব ও সমাজসেবা ভিত্তিক কয়েকটি সংস্থার প্রধানদের সাথে মতবিনিময় করেন। এসময় তাঁর প্রতিষ্ঠিত ইটস্ হিউম্যানিটি ফাউন্ডেশনের (আইএইচএফ) কর্মকাণ্ডের সার্বিক চিত্র তাদের কাছে তুলে ধরেন।
সৈয়দপুরের সন্তান আদনান হোসেন বলেন, আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়; এটি বাংলাদেশের তরুণ নেতৃত্ব এবং দেশের প্রান্তিক মানুষের উন্নয়নে কাজ করা একটি প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গিকে বিশ্বমঞ্চে তুলে ধরার গৌরবময় সুযোগ।
সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া এলাকার বাসিন্দা প্রয়াত আকতার হোসেনের পুত্র মো. আদনান হোসেন বিগত ১৬ বছর ধরে ‘ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন’-এর মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন ও সম্প্রদায় উন্নয়নে কাজ করে আসছেন তিনি। তাঁর নেতৃত্বে অসংখ্য কর্মীবাহিনী প্রতিষ্ঠানটির বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা অব্যাহত রেখেছে। জাতিসংঘের আমন্ত্রণে জেনেভার মতো আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ায় সৈয়দপুরবাসী গর্বিত। তাঁর এই অর্জন দেশের তরুণ সমাজের জন্যও অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
What's Your Reaction?