নিজ ছেলেকে পুলিশে দিলেন বাবা
অনলাইন ডেস্ক: চুরিসহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার আশরাফুল নামক মাদকাসক্ত এক ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার বাবা সাবেক কাউন্সিলর আহিজুল মুন্সি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মতলব পৌরসভার নলুয়া গ্রামের আহিজুল মুন্সি ছেলে আশরাফুলকে মতলব দক্ষিণ থানায় সোপর্দ করেন।
আহিজুল মুন্সি বলেন, ছেলে দীর্ঘদিন ধরে চুরিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। নেশাগ্রস্ত মাদকাসক্ত ছেলেদের সাথে চলাফেরা করে। এ বিষয়ে একাধিকবার ছেলেকে সতর্ক করা হলেও কিছুদিন যেতে না যেতেই সে পুনরায় বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়।
তিনি আরও বলেন, তার এমন আচরণের ধারাবাহিকতায় আমার এবং আত্মীয় স্বজনের মান সম্মানের হানি ঘটেছে। লজ্জায় ছেলের জন্য সমাজে মুখ দেখাতে পারি না। খারাপ পথ থেকে ফিরিয়ে আনার জন্য আজ নিজের ছেলেকে পুলিশ দিতে বাধ্য হয়েছি।
স্থানীয়রা জানায়, চুরি ও মাদকসহ বিভিন্ন অপকর্মের জন্য আশরাফুলের একাধিকবার সামাজিকভাবে সালিশি হয়েছে। বাহির থেকে এলাকায় লোক এনে বিভিন্ন অপকর্ম করে আসছিল সে। ১৮ ফেব্রুয়ারি রাতে এ ছেলে আরও দুইজনকে সাথে নিয়ে এলাকার এক ব্যবসায়ীর দোকানে চুরি করেছে। আশরাফুলের অত্যাচারে এলাকায় শান্তি ছিল না। ছেলের জন্য তার পরিবারও একাধিকবার অপমান হয়েছে। অবশেষে তার বাবা অতিষ্ঠ হয়ে পুলিশের কাছে ছেলেকে সোপর্দ করেছে।
মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিক জানান, ছেলেকে তার বাবা নিজে থানায় এসে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তার মামলা প্রক্রিয়াধীন।
What's Your Reaction?