প্রথম বছরেই মন জয় করে নিল কোচ রাজবংশী ইয়ুথ ফেস্টিভ্যাল

Sep 27, 2026 - 21:29
 0
প্রথম বছরেই মন জয় করে নিল কোচ রাজবংশী ইয়ুথ ফেস্টিভ্যাল

নিজস্ব সংবাদদাতা : কোচবিহারের হোটেল গুলমোহর রয়্যালে গত ১৯ ও ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো প্রথম বছরের কোচ রাজবংশী ইয়ুথ ফেস্টিভ্যাল। প্রাক্তন উপাচার্য তথা অধ্যাপক নিখিলেশ রায় প্রথম দিনের এই ফেস্টিভ্যালের সূচনা করেন। উদ্বোধনের পর অনুষ্ঠিত হয় ভাওয়াইয়া সংগীত প্রতিযোগিতা। 'হানড্রেড ইয়ার্স ইভোলিউশন অফ রাজবংশী কমিউনিটি' শীর্ষক একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন অধ্যাপক নিখিলেশ রায়, মাধব অধিকারী, জগদীশ আশোয়ার, অধ্যাপক গৌতম সরকার, ডক্টর বিশ্বজিৎ রায় ও শ্রাবস্তী রায়। সৌমিত্র বর্মন দক্ষতার সাথে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

​সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথমেই জয়জিৎ ডান্স অ্যাকাডেমির তরফে দৃষ্টিনন্দন নাচের অনুষ্ঠান পরিবেশন করা হয়। এরই মাঝে অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যের অর্থ ও পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দ বর্মন। তিনি বক্তব্য রাখার পাশাপাশি অনুষ্ঠান উপভোগ করেন। দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যবাহী গরিমা নৃত্যের অনুষ্ঠান ছিল অন্যতম বড় আকর্ষণ। একে একে ভাওয়াইয়া গানে অনুষ্ঠান মাতান সুকন্যা মুস্তাক, তিথি রায় কার্জি ও টুম্পা বর্মন। কল্লোল রায়ের শ্রুতিমধুর কোচ রাজবংশী গানে মোহিত হন উপস্থিত সবাই। ভূপেন বাউ ড্যান্স গ্রুপের নাচের অনুষ্ঠান এক অন্য মাত্রা এনে দেয়।

​দ্বিতীয় দিনের অনুষ্ঠানের সূচনা হয় রাজ্যের স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মনের হাত ধরে। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের নারী ও সমাজকল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মালতি রাভা রায়, স্বরাষ্ট্র, পার্বত্য ও সংখ্যালঘু দপ্তরের প্রতিমন্ত্রী বিশাল লামা, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগগা, দিনহাটার বিধায়ক অজয় রায়, আলিপুরদুয়ারের বিধায়ক পরিতোষ দাস ও জলপাইগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারী।

​উপস্থিত অতিথিদের মাধ্যমে 'উজাই' নামে রাজবংশী ভাষার একটি অ্যান্ড্রয়েড অ্যাপের আত্মপ্রকাশ ঘটে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাওয়াইয়া শিল্পী অনিন্দিতা রায়ের দলের পরিবেশিত রাজবংশী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী 'চোরচুন্নি পালা' নাচের অনুষ্ঠান সকলের প্রশংসা কুড়ায়। মিউজিক ব্যান্ড 'ভঙর'-এর পরিবেশনা ছিল এদিনের সবচেয়ে বড় আকর্ষণ। ডক্টর পীযূষ সরকারের জুবিন গর্গকে নিয়ে লেখা ও সুরারোপিত গানের মধ্য দিয়ে তাদের গানের অনুষ্ঠান শুরু হয়। এরপর একে একে তাদের পরিবেশিত 'ভবতোষ', 'সোনার জীবন' গান অনুষ্ঠানে এক অন্য মাত্রা যোগ করে।

​হিমাদ্রী দেউড়ী, অনিন্দিতা রায়, অনামিকা বর্মন ও বনশ্রী বিশ্বাসের ভাওয়াইয়া গানের অনুষ্ঠান ছিল অনবদ্য। আসাম থেকে আগত বরদৈচিলা ডান্স অ্যাকাডেমির নাচের অনুষ্ঠান ছিল বেশ দৃষ্টিনন্দন। কোচবিহারের বিখ্যাত চণ্ডী নৃত্যের অনুষ্ঠানও সকলের প্রশংসা আদায় করে নেয়। সুন্দরভাবে অনুষ্ঠানের আয়োজন করার জন্য সমগ্র আয়োজক কমিটিকে, বিশেষ করে সৌমিত্র বর্মন ও মানস বর্মনকে সাবাসি জানাতেই হয়। সব মিলিয়ে আয়োজক কমিটির তরুণ-তরুণীদের আন্তরিক প্রচেষ্টার ফলে প্রথম বছরেই সকলের মনে জায়গা করে নিল কোচ রাজবংশী ইয়ুথ ফেস্টিভ্যাল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow