সৈয়দপুরে আগুনে পুড়লো ঢাকা ব্যাংকসহ কয়েকটি দোকান : কোটি টাকার ক্ষতি
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে ভয়াবহ আগুনে পুড়লো ঢাকা ব্যাংক ও ঢাকা মার্কেন্টাইল কো- অপারেটিভ ব্যাংকসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান।
সোমবার (২ মার্চ) দুপুর আনুমানিক সোয়া ১২ টার দিকে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।
এতে দুটি বাণিজ্যিক ব্যাংকসহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে।
আগুনের খবর পেয়ে সৈয়দপুরসহ আশেপাশের জেলা উপজেলার সাতটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের সদস্যরা প্রায় তিন ঘটনা চেষ্টার চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ওইসব প্রতিষ্ঠানের মালামাল ও আসবাবপত্র পুড়েও গেলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।
জানা গেছে, শহরের উল্লিখিত সড়কের সৈয়দপুর তুলা ঘরের পেছনের একটি গোডাউন থেকে প্রথমে আগুনে সূত্রপাত ঘটে। এর পর আগুনের লেলিহান শিখা পাশে থাকা সৈয়দপুর তুলা ঘর, একরামুল হক কটন সপ, ফেরদৌস কটন সপ ও ঢাকা ব্যাংক পিএলসি ও ঢাকা মার্কেন্টাইল কো- অপারেটিভ ব্যাংক সৈয়দপুর শাখার ভবনে ছড়িয়ে পড়ে। এতে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানসহ বাণিজ্যিক ব্যাংক দুটির প্রায় কোটি টাকার মূল্যবান মালামাল,আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুনে উল্লিখিত ব্যাংকের শাখা দুইটির ভোল্টে থাকা কোন নগদ টাকা পয়সার কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নীলফামারীর সৈয়দপুর, উত্তরা ইপিজেড, দিনাজপুরের পাবর্তীপুর, রংপুরের তারাগঞ্জসহ সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় তিন ঘন্টা চেষ্টার পর আগুনে নিয়ন্ত্রণে আনেন তারা। তবে আগুন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পানির অপ্রতুলতা ও উৎসুক জনতার ভিড়ের কারণে ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নেভানোর কাজে মারাত্মক হিমশিম খেতে হয়। আগুনের সুত্রপাত সম্পর্কে সঠিক কারণ জানা যায়নি।
তবে একেকজন একেক কথা বলছেন। ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককের দাবি ঢাকা ব্যাংক পিএলসি সৈয়দপুর শাখার ভবনে বৈদ্যূতিক ওয়েন্ডিং কাজ করা হচ্ছিল। এ সময় বৈদ্যূতিক ওয়েন্ডিং থেকে বিচ্ছুরিত অগ্নিশিখা পাশে থাকা তুলার বস্তায় এসে পড়ে। এতে অতি দ্রুত তা পুরো তুলার গোডাউনসহ আশেপাশে ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে যায়। তবে মালিকের পক্ষে বিষয়টি অস্বীকার করা হয়েছে।
এদিকে, সৈয়দপুর শহরের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে আসন্ন ঈদের বেচাকেনার ভর মৌসুমে আগুনে ঘটনায় সৈয়দপুর শহরের ওই সড়কের সকল দোকানপাট বন্ধ হয়ে পড়ে। মার্কেটের আতঙ্কিত ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে অগ্নিকান্ডস্থলে ছুঁটে আসেন। এ সময় হাজার হাজার উৎসুক মানুষের উপস্থিতির কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়।
খবর পেয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা ও থানার অফিসার ইনচার্জ (ওসি) দ্রুত ঘটনাস্থলে ছুঁটে আসেন।
নীলফামারী-৪ ( সৈয়দপুর- কিশোরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. আব্দুল মুনতাকিম অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আনোয়াররুল হক জানান, আগুন নেভানোর কাজে পানি স্বল্পতার কারণে আগুনে নিয়ন্ত্রণে মারাত্মক বিঘ্নের সৃষ্টি হয়। তিনি বলেন, আগুনে অবকাঠামোসহ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মালামাল পুড়ে যায়। এছাড়া দুটি বাণিজ্যিক ব্যাংকের আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে বলে জানিয়ে তিনি বলেন, আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপন করা সম্ভব হয়নি। তদন্ত করে বিষয়গুলো জানানো যাবে।
What's Your Reaction?