শ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলা

Mar 2, 2026 - 20:41
 0
শ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলা
ছবি: যুবদল নেতার নেতৃত্বে হামলায় গুরুতর আহত সামিউল মনির

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রেসক্লাব ভবনে ঢুকে দৈনিক সমকালের শ্যামনগর প্রতিনিধি প্রেস ক্লাব সভাপতি ছামিউল আযম মনিরের উপর হামলার ঘটনা ঘটেছে।

 

সোমবার (২ মার্চ) বেলা ১২টার দিকে প্রেসক্লাবে এ ঘটনা ঘটে।  শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। এ ঘটনায় সাংবাদিক সমাজের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীসহ উপজেলা প্রেসক্লাবে অবস্থানরত সাংবাদিকরা জানান,  শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, যুবদল নেতা মিজান, মফু খাঁ সহ যুবদল ২৫/৩০ জন নেতাকর্মীরা প্রেসক্লাব ভবনে ঢুকে পড়েন। এসময় তারা প্রেসক্লাবে অবস্থানরত সভাপতি ছামিউল আযম মনিরের ওপর অতর্কিত হামলা চালান। উপস্থিত সাংবাদিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তাদেরও ধাক্কাধাক্কি ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা সভাপতিকে মারতে মারতে প্রেসক্লাব চত্বরের বাইরে নিয়ে ইট, হাতুড়ি সহ দেশীয় অস্ত্র দিয়ে মারধর করেন।

 

আহত সভাপতিকে তাৎক্ষণিকভাবে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হয়। “তার মাথার বাম পাশে শক্ত কিছু দিয়ে গুরুতর আঘাত করা হয়েছে। শরীরের বিভিন্ন অংশে হাতুড়ি ও লোহার রডের আঘাতের চিহ্ন রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।”

 

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক বলেন, আমি এ ব্যাপারে আমি জেনেছি, থানায় অবহিত করা হয়েছে‌‌। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার বিষয়ে শ্যামনগর থানা-এর অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, “আমরা তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই ফোর্স পাঠিয়েছি। অভিযোগের বিষয়টি জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” গত ২৩ শে ফেব্রুয়ারী দৈনিক সমকাল পত্রিকায় সামিউল মনির "যুবলীগ-যুবদল-যুব বিভাগ মিলে খোলপেটুয়া-কপোতক্ষ নদের বালু লুট" শিরোনামে সংবাদ প্রকাশ পায়। তা ছাড়া শ্যামনগরে অবৈধভাবে জায়গা দখলের হিড়িক পড়েছে। এ ধরণের রিপোর্ট গণমাধ্যমে প্রকাশ পেলে এ ঘটনায় সমকাল প্রতিবেদক ও সভাপতি সামিউল মনিরকে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দেয়া হচ্ছিল। এদিকে সামিউল মনিরের উপর হামলার ঘটনায় শ্যামনগরে কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় গণমাধ্যমকর্মীরা প্রেসক্লাবের মতো একটি পেশাজীবী সংগঠনের কার্যালয়ে ঢুকে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। তবে অভিযুক্ত বিএনপি নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 

উপজেলার সচেতন মহল মনে করছেন, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের স্বার্থে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow