সৈয়দপুরে মাদকসেবির কারাদণ্ড ও জরিমানা

Aug 25, 2026 - 15:43
 0
সৈয়দপুরে মাদকসেবির কারাদণ্ড ও জরিমানা

নীলফামারী জেলা প্রতিনিধি : সৈয়দপুরে পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশের হাতে গ্রেফতার হওয়া মাদকসেবি মো. রিমনকে (২৮) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২৪ আগস্ট) বিকেলে ওই দন্ডাদেশ দেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন। ওইদিনই তাঁকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজা। 

সুত্র জানায়,শহরের নতুন বাবুপাড়া বি-জামান রোডের বাসিন্দা মৃত নাদিমের পুত্র রিমন পরিবারের বাঁধা সত্বেও দীর্ঘদিন থেকে মাদক সেবন করে আসছিল। কিন্তু সে কোন কথাই শুনছিল না। এমনকি মাদকের টাকা না পেয়ে পরিবারের সদস্যদের মারপিট এবং ঘরের জিনিষপত্র চুরি করে। তাঁর দীর্ঘদিনের এমন অত্যাচারে অতিষ্ঠ হয়ে সোমবার থানা পুলিশে লিখিত অভিযোগ দেয় পরিবারের লোকজন। এমন অভিযোগ পেয়ে থানা পুলিশের উপ পরিদর্শক আমির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সোমবার বিকেলে রিমনকে গ্রেফতার করে। পরে হাজির করা হয় ভ্রাম্যমাণ আদালতে। 

সেখানে অভিযুক্ত নিজের দোষ স্বীকার করলে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাব্বির হোসেন তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানার রায় দেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো.  রেজাউল করিম রেজা বলেন, মাদকের সাথে কোন আপস নেই। সামাজিক ব্যাধি মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবিদের বিরুদ্ধে পুলিশকে তথ্য দেওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow