শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে শ্যামনগর উপজেলা সদরে মাইক্রো বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাইক্রোস্ট্যান্ডে মানববন্ধনে যোগ দেন। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
নাগরিক উন্নয়ন ফোরামের সভাপতি গাজী আশরাফুজ্জামানের সভাপতিত্বে এবং মাসুম বিল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, ইউপি সদস্য বাবলুর রহমান, ইউপি সদস্য শুকুর আলী, ইউপির সদস্য মোক্তার হোসেন, আবু সাঈদ,ঠিকাদার জাবের হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে পৌরসভার নীতিমালা ও নির্ধারিত মানদণ্ড যথাযথভাবে অনুসরণ না করেই শ্যামনগরের মতো একটি দরিদ্র ও উপকূলীয় জনপদের ওপর পৌরসভা চাপিয়ে দেওয়া হয়েছে। শ্যামনগর পৌরসভা গঠনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অবকাঠামোগত সক্ষমতা অর্জন না করেই পৌরসভা প্রতিষ্ঠা করা হয়েছে। শ্যামনগর পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে কাঙ্ক্ষিত নাগরিকসেবা নিশ্চিত হওয়ার পরিবর্তে সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়েছে। পৌরসভা হওয়ার কারণে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর বিভিন্ন ধরনের কর ও আর্থিক চাপ সৃষ্টি হয়েছে। পৌরসভা সাধারণ মানুষের জীবনযাত্রাকে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বক্তারা আরও বলেন, শ্যামনগর একটি দুর্যোগপ্রবণ ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা উপকূলীয় এলাকা। এখানকার মানুষের আর্থিক সক্ষমতা বিবেচনায় না নিয়ে পৌরসভার বিভিন্ন কর ও ফি আরোপ করা হলে তা সাধারণ মানুষের ওপর বাড়তি বোঝা তৈরি করে। তাই জনস্বার্থে শ্যামনগর পৌরসভার কার্যক্রম পুনর্মূল্যায়ন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। এ সময় বক্তারা শ্যামনগর পৌরসভা বাতিল করে পূর্বের ইউনিয়নভিত্তিক স্থানীয় সরকার ব্যবস্থা পুনর্বহাল জনবান্ধব ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধনে শ্যামনগর উপজেলা নাগরিক ফোরামের নেতৃবৃন্দ, স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ এলাকার সচেতন নাগরিকরা অংশ নেন।
What's Your Reaction?