শেষ হলো প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে  সফটস্কিলস্ প্রশিক্ষণ : সনদপত্র বিতরণ  

Jun 28, 2026 - 19:31
 0
শেষ হলো প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে  সফটস্কিলস্ প্রশিক্ষণ : সনদপত্র বিতরণ  

নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে প্রান্তিক পেশাজীবীদের নিয়ে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণ শেষ হয়েছে রবিবার (২৮ জুন)। এ উপলক্ষে সৈয়দপুর উপজেলা সমাজ সেবা দপ্তর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশিক্ষণে সমাপণী অনুষ্ঠানের আয়োজন করে। 


এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রশিক্ষণের মাস্টার ট্রেইনার সমাজসেবা অধিদপ্তরের ঢাকা সদর কার্যালয়ের সমাজসেবা অফিসার মো. আমিরুল আলম ও দিনাজপুরে হাকিমপুরের উপজেলা সমাজসেবা অফিসার মো. মাসুদ রানা প্রমুখ। 
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সমাজসেবা অধিদপ্তরের বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) প্রকল্পের আওতায় আয়োজিত ওই প্রশিক্ষণের সমাপনী দিনে প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র ও সম্মানীর অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ্ ফাতেহা তাকমিলা। এছাড়াও প্রশিক্ষণার্থীদের পেশার উন্নয়নে প্রান্তিক পেশাজীবীদের এককালীন অনুদানের ১৮ হাজার টাকা করে তাদের নিজ নিজ ব্যাংক হিসাবে হস্তান্তর করা হয়।


১০ দিনের এই প্রশিক্ষণে সৈয়দপুর উপজেলার বিভিন্ন এলাকার কুমার, মুচি, নাপিত ও বাঁশ-বেত পণ্য প্রস্তুতকারী প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর ৩০ জন সদস্য অংশ নেন। এতে সমাজ সেবা অধিদপ্তরের দুই জন কর্মকর্তা মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন। এছাড়াও প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করেন সৈয়দপুর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠনের নেতা ও অভিজ্ঞ ব্যক্তিবর্গরা।  


সৈয়দপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ জানান, এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে, প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি, উন্নয়ন এবং আধুনিক কর্মপদ্ধতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন।

তিনি আরো জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত নতুন জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলবে এবং জীবনমান উন্নয়নে সহায়ক হবে।                                 
                                                                               

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow