পদোন্নতি পেয়ে রেলভবনে যাচ্ছেন সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্মব্যবস্থাপক মমতাজুল
নীলফামারী জেলা প্রতিনিধি : সৈয়দপুর রেলওয়ে কারখানায় দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করা কর্মব্যবস্থাপক (নির্মাণ) মো. মমতাজুল ইসলাম পদোন্নতি পেয়েছেন। তাঁকে ঢাকা রেলভবনের পরিচালক (লোকো মেইনটেন্যান্স) পদে পদায়ন করা হয়েছে। গত ২৬ অক্টোবর রাষ্ট্রপতির আদেশে রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে উপসচিব কামরুল হাসান স্বাক্ষরিত এক পত্রে ওই তথ্য জানা যায়।
পদায়নের ওই পত্র মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে দেওয়া হয়েছে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্মব্যবস্থাপক মমতাজুল ইসলামের পদোন্নতি হওয়ায় রেলওয়ে কারখানার শ্রমিক কর্মচারি ও কর্মকর্তাদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা যায়।
তারা রেলভবনে পরিচালক (লোকো মেইনটেন্যান্স) পদে মমতাজুল ইসলামের কর্মময় জীবনের সফলতা কামনা করেন। তারা বলেন দায়িত্ব পালন করা অবস্থায় কর্মব্যবস্থাপক মমতাজুল ইসলাম যে কোন সমস্যা হলে তাৎক্ষণিক সমাধানে এগিয়ে আসতেন। কাজের ক্ষেত্রে কোন ছাড় না দিয়ে উৎপাদন বাড়াতে সার্বিক সহযোগিতা করতেন এবং তিনি ছিলেন আমাদের অভিভাবক।
এদিকে বুধবার (২৮ অক্টোবর) সকালে পদোন্নতি পাওয়া সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্মব্যবস্থাপক মো. মমতাজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা দিয়েছে সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্মকর্তারা। কারখানার কর্মব্যবস্থাপকের কার্যালয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন রেলওয়ে কারখানার সহকারী কর্মব্যবস্থাপক মো. রুহুল আমিন সহ অন্যান্যরা। আগামি সপ্তাহে তিনি রেলভবনে যোগদান করবেন বলে কারখানার একটি সুত্র জানায়।
এ বিষয়ে কথা হয় রেলভবনে পরিচালক পদো পদোন্নতি পাওয়া মো. মমতাজুল ইসলামের সাথে।
তিনি বলেন, চাকুরী জীবনে তিনি প্রতিটি কর্মস্থলে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। সৈয়দপুর রেলওয়ে কারখানায় দায়িত্ব নেওয়ার পর উৎপাদন বাড়ানো এবং শ্রমিক - কর্মচারী ও কর্মকর্তাদের সাথে সৌহার্দ্য পূর্ণ পরিবেশ গড়ে তোলার চেষ্টা করেছেন। তিনি বলেন, সৈয়দপুর রেলওয়ে কারখানায় সকলের সহযোগিতা পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি যেখানেই থাকি না কেন, তাদের জন্য সবসময় দোয়া ও ভালোবাসা থাকবে। তাঁর পরবর্তী কর্মস্থল রেলভবনে যাতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারে, সেজন্য সকলের দোয়া চেয়েছেন।
What's Your Reaction?