পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় আলোচিত অপহরণ মামলায় পুলিশ গ্রেফতার করেছে প্রধান আসামি মান্না সরদার (২৫) কে। একই সঙ্গে তার হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে (১৬) বছরের নাবালেক স্কুলছাত্রী সূচনা মন্ডলকে।
মামলার সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি’২৬ তারিখে পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামের বাসিন্দা প্রশান্ত কুমার মন্ডল থানায় অভিযোগ দায়ের করেন, তার মেয়ে অপহৃত হয়েছে। মামলার প্রধান আসামি ছিলেন পাইকগাছার সরল গ্রামের আফসার সরদারের ছেলে মান্না সরদার। পুলিশি অভিযান ও তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (১১ মার্চ) রাত ১২টা ১৫ মিনিটে ঢাকার আশুলিয়া এলাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয়। একই সময় তার হেফাজত থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়।
পাইকগাছা থানার ওসি মো. গোলাম কিবরিয়া জানান, “গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে। উদ্ধারকৃত স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষা ও ২২ ধারায় জবানবন্দি গ্রহণের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পেছনে প্রেমের জটিলতার ইঙ্গিত থাকলেও ভিকটিমের পরিবার দাবী করছে মেয়েকে জোরপূর্বক অপহরণ করা হয়েছে। অন্যদিকে আসামির পরিবার বলছে, সম্পর্ক সব স্বেচ্ছায় হয়েছে। এ পরিস্থিতিতে এলাকায় ক্ষোভ ও বিভ্রান্তি দেখা দিয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, যদি এটি প্রেমজনিত ঘটনা, তাহলে কেন শুধুমাত্র ছেলেকে দায়ী করা হচ্ছে।
তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান জানিয়েছেন, ভিকটিমের জবানবন্দি ও প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।