দেবহাটায় এইচএসসিতে পাসের হার ৪২.২৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৭ জন

Oct 31, 2026 - 15:38
 0
দেবহাটায় এইচএসসিতে পাসের হার ৪২.২৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৭ জন
প্রতিকী ছবি

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র দেখা গেছে। উপজেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৭৬৪ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র ৩২৩ জন। সে হিসাবে পাসের হার ৪২ দশমিক ২৮ শতাংশ। অকৃতকার্য হয়েছে ৪৪১ জন। এ বছর জিপিএ-৫ পেয়েছে মাত্র ৭ শিক্ষার্থী।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ থেকে ১৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭২ জন। পাসের হার ৫৩ দশমিক ৩৩ শতাংশ। সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ থেকে ৩৮৩ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৩৬ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৩৫ দশমিক ৫১ শতাংশ। দেবহাটা কলেজ থেকে ৮৭ জনের মধ্যে পাস করেছে মাত্র ১৪ জন। পাসের হার ১৬ দশমিক ০৯ শতাংশ।

অন্যদিকে, সখিপুর ফাজিল মাদরাসা থেকে ৩৬ জনের মধ্যে ২২ জন, নওয়াপাড়া আলিম মাদরাসা থেকে ২০ জনের মধ্যে ১৯ জন এবং হাদীপুর জগন্নাথপুর আহ্ছানিয়া আলিম মাদরাসা থেকে ৭ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে একজন।

এ ছাড়া দেবহাটা কলেজের বিএমটি শাখা থেকে ৩১ জনের মধ্যে ২১ জন, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের বিএমটি শাখা থেকে ৩৬ জনের মধ্যে ২১ জন এবং ইছামতি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে ২৯ জনের মধ্যে ১৭ জন পরীক্ষার্থী পাস করেছে।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাসের হারে উপজেলার মধ্যে শীর্ষে রয়েছে নওয়াপাড়া আলিম মাদরাসা। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৫ শতাংশ। বিপরীতে সবচেয়ে কম পাসের হার দেবহাটা কলেজে, মাত্র ১৬ দশমিক ০৯ শতাংশ।

উপজেলায় জিপিএ-৫ পাওয়া সাত শিক্ষার্থীর মধ্যে হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের তিনজন, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের তিনজন এবং নওয়াপাড়া আলিম মাদরাসার একজন রয়েছে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জানান, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেবহাটার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল আশানুরূপ হয়নি। আগামীতে ফলাফলের উন্নয়নে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow