সাতক্ষীরার কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

Mar 8, 2026 - 20:26
 0
সাতক্ষীরার কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তার।
বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে ‘‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারীর অধিকার’’ প্রতিপাদ্যে রোববার (৮ মার্চ) উদযাপিত হলো আন্তর্জাতিক নারী দিবস। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।
 
রোববার সকাল ১০ টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তার।
 
 তিনি বলেন, নারীর মর্যাদা ও অধিকার রক্ষায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অনুদান, ঋণসহ নানা ধরণের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। নারীর অধিকার প্রতিষ্ঠা ও সহিংসতা প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার জন্য তিনি সবার আহ্বান জানান।
 
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শশাঙ্ক দেবনাথ, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মল্লিক।
নারীদের মধ্য থেকে বক্তব্য রাখেন সালেহা খাতুন ও বেসরকারি সংস্থা সাস এর রাবেয়া খাতুন।
আলোচনা সভা শেষে নারীর ক্ষমতায়নে অবদান রাখায় বেসরকারি সংস্থা প্রেরণা ও সাস কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। নারী দিবসে তিনটি স্টলে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরা হয়।
 
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও এলাকার নারী সদস্যরা উপস্থিত ছিলেন। 
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow