পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় আদালতে নির্দেশনা উপেক্ষা করে ঘর-বাড়ী নির্মাণ করে জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অবৈধ দখল ঠেকাতে জমির মালিক শ্যামপদ মন্ডল প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। সোলাদানা ইউনিয়নের কাঁকড়াবুনিয়া মৌজায় ওয়াপদার বেড়িবাঁধ নির্মাণকে কেন্দ্র করে ওই মহল্লার বাসিন্দারা এ সুযোগে ওয়াপদার উত্তর পাশের শ্যামাপদ মন্ডলের রেকর্ডিয় জমিতে ঘর বাড়ি নির্মাণ করার চেষ্টা করছে।
পাইকগাছা নির্বাহী আদালতে দায়ের করা এমআর-৫৩/২৬ মামলা সুত্রে জানাগেছে, পৌরসভার সরল গ্রামের মৃতঃ বৈদ্যনাথ মন্ডলের ছেলে শ্যামপদ মন্ডলের কাঁকড়াবুনিয়া মৌজায় বিআরএস ২১ খতিয়ানের ৩ দাগে ৪ একর ৮৪ শতক জমি আছে। এর মধ্যে ১ একর জমি বহিরাগতরা অবৈধ ভাবে দখল করে ঘর বাঁধতে থাকলে মালিক শ্যামপদ পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মফিজুল -লিটনসহ ২৩ ব্যক্তির বিরুদ্ধে সিআর-৪১৯/২৫ মামলা করেন।
এ মামলায় কোর্ট অর্ডারে পরিমাপ ও তদন্তে প্রমানিত হলে অবৈধ দখলদারদের তালিকা আদালত জমা দেয়া হয়।
ভুক্তভোগী শ্যামপদ মন্ডল অভিযোগ করেন আদালতে দু’টি মামলা চলমান রয়েছে। এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ওয়াপদার বেড়িবাঁধের অসমাপ্ত নির্মাণ কাজ শুরু করার লক্ষে ওয়াপদার উপর বসবাসরতদের ওয়াপদার বেড়িবাঁধের জায়গা ছেড়ে দিতে নির্দেশনা দিয়েছেন। এ সুযোগে আবারো নতূন করে ইবাদুল-মফিজুল গাজী,শাহিনুর মোল্লা, রুহুল আমীন সরদার,সালাম গাজী, আপিল সানা গংরা আমার রেকর্ডিয় পৈত্রিক জমিতে ঘরবাড়ি নির্মাণ করার মাধ্যমে দখল চেষ্টা করছেন। তিনি অভিযোগ করেন নিষেধ করা স্বত্ত্বেও তারা মানছেন না, এমনকি পুলিশ নোটিশ জারি করলেও বিবাদীরা অবৈধ দখল চেষ্টা করছেন। ওই মহল্লার বাসিন্দা শওকত বলেন অনেকেই শ্যামাপদ মন্ডলের জায়গায় ঘরবাড়ি নির্মাণ করছে,তবে আমরা পানি উন্নয়ন বোর্ডের জায়গার মধ্যে থাকার চেষ্টা করছি বলে তিনি জানান।
এ বিষয়ে ওসি মোঃ গোলাম কিবরিয়া জানান, নিস্পত্তি না হওয়া পর্যন্ত আদালতের নির্দেশনা মতে উভয় পক্ষকে স্ব-স্ব অবস্থানে থাকতে বলা হয়েছে। তিনি আরোও বলেন, কোন প্রকার আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।